নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন

৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৩১  

সরকারিভাবে দেশে নতুন করে আরও দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এর মধ্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ’ হবে নারায়ণগঞ্জে। আর ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ হবে সাতক্ষীরায়।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পৃথক দুটি আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরির লক্ষ্যে দুটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

দুটি আইনের খসড়া হলো- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ আইন, ২০২৩’ এবং ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’।

বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও অন্যান্য মন্ত্রীদের মধ্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন।